
নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১৫ আগস্ট) ভোররাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এই অভিযান চালায়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো ২০টি কাটে রাখা ছিল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় অভিযানটি চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে বিজিবির টহল দল তাদের থামার নির্দেশ দেয়।
বিজিবির সদস্যরা এগিয়ে গেলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করা হলে সঙ্গে থাকা একটি বস্তা ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যান তাঁরা। পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ২০টি কাটে রাখা ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তকে ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে মাদকের চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।