প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে আরো বেড়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা ও মূল্যবান ধাতুর সুবাতাস বইছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৮ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহে দাম বেড়ে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
একই সময়ে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তি বা ভবিষ্যৎ দর শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৫ দশমিক ৫০ ডলারে উঠে এসেছে।
বিশ্বজুড়ে বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের মান নির্ধারণকারী ডলার সূচক কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।
ডলার দুর্বল হওয়ার কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আগের চেয়ে বেশি সাশ্রয়ী বা সুবিধাজনক হচ্ছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৯ দশমিক ৭২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৩ দশমিক ২৫ ডলারে উঠেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সাইমন নিউজ