প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম ক্যামেরা চালু করা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম (এআই) ক্যামেরার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন অমান্য করলেই কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা তৈরি হয়ে যাবে। মহাসড়কে যে চাঁদাবাজি হয়, তা মালিক বা শ্রমিক—যে পক্ষই করুক না কেন, এআই ক্যামেরায় তা সুনির্দিষ্টভাবে রেকর্ড করা থাকবে। এর ফলে চাঁদাবাজির সুযোগ বন্ধ হবে এবং অপরাধীদের সহজেই শনাক্ত করা যাবে।
তিনি আরো বলেন, থ্রি-হুইলারগুলো কেবল স্থানীয় বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচলের অনুমতি পাবে। কোনো অবস্থাতেই এগুলোকে মহাসড়কে উঠতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে উঠলে সংশ্লিষ্ট যানবাহন ও চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের হাইওয়ে বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এই অটো ফাইন সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা।
আইন লঙ্ঘন শনাক্ত হলে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। ঘরে বসেই নির্দিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এসব ক্যামেরার কার্যক্রমে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি স্থাপন করা হবে বলে জানায় হাইওয়ে পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সাইমন নিউজ