
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কক্সবাজারে আগামী তিন মাস প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও জনসমাগমস্থল এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আ. মানান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রায় ১৫ দিন আগে থেকেই হাট-বাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তিনি জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে এ কার্যক্রম চালানো হবে। এসব স্থানে জমে থাকা আবর্জনা, পানি জমার সম্ভাব্য স্থান ও মশার প্রজননস্থল পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, গত দুই দিন ধরে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটন মেলা চলছে। মেলাকে কেন্দ্র করে সৈকতে জমে থাকা ময়লা-আবর্জনাও পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় এনে পরিষ্কার করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে হবে। বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।