প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
অসহায় বৃদ্ধার জন্য দুই কক্ষের ঘর নির্মাণ, চাবি তুলে দিলেন এমপি ফরিদ

মহেশখালীর রাখাইন পাড়ার এক অসহায় ও স্বামী-সন্তানহীন বৃদ্ধার জন্য নির্মিত দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ি উদ্বোধন করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
সোমবার (২৩ নভেম্বর) মহেশখালী পৌরসভার রাখাইন পাড়ায় নবনির্মিত বাড়িটি উদ্বোধন শেষে সুবিধাভোগী বৃদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।
উপজেলা পরিষদের বাস্তবায়নে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য রান্নাঘর ও শৌচাগারসহ দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়িটি নির্মাণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে বাড়িটি নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮৫ হাজার ১১৫ টাকা।
এ সময় সংসদ সদস্য এমপি আলমগীর ফরিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দরিদ্র ও অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঝৃত্মিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাড়িটি উদ্বোধন ও চাবি হস্তান্তরের মাধ্যমে সুবিধাভোগী বৃদ্ধার জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত হলো। স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সাইমন নিউজ