
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সভায় তিনি বলেন, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিবসগুলো যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবস দুটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ ও আলোচনা সভা, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।