
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর কোহিনুর আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের লিফটের নিচের একটি কক্ষ থেকে তাঁর লাশ পাওয়া যায়।
কোহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতারপ্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে কোহিনুর আক্তার কক্সবাজার সদর হাসপাতালে আসার পর নিখোঁজ হন। এরপর পরিবার ও স্বজনেরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু চার দিনেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
শনিবার দুপুরে হাসপাতালের লিফটের নিচে একটি কক্ষে তাঁর মরদেহ দেখতে পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ হওয়ার চার দিন পর হাসপাতালের ভেতর থেকেই মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।