. .
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার এ অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কর্মানুমতির (ওয়ার্ক পারমিট) অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তিনি জানান, অভিযানে কর্মানুমতির শর্ত ভঙ্গের বেশ কিছু ঘটনাও ধরা পড়েছে।
এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো অনিয়ম রয়েছে।
আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী।
বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন তাদের মধ্যে।
অভিবাসন বিভাগের এ যৌথ অভিযানে বিভিন্ন সংস্থার মোট ২৫৪ জন সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে অনিয়মের দায়ে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে তলব নোটিশ দেওয়া হয়েছে।
আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করেছিল দেশটির কর্তৃপক্ষ।
মন্তব্য করুন