. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্থনৈতিক শুমারি-২০২৬ এর ফলাফল ও বিএসবিআর বিষয়ক সেমিনার

দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে কক্সবাজারে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ ফজলে আজিম এবং বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম।

কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় প্রতিবেদনের মূল তথ্যসমূহ উপস্থাপন করেন কক্সবাজার জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) জনাব মো. তানজীব হাসান ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুমারির প্রেক্ষাপট ও পদ্ধতি: কর্মশালায় জানানো হয়, দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের বেঞ্চমার্ক পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। এর মাধ্যমে দেশের মোট স্থূল উৎপাদন (জিডিপি) ও অন্যান্য অর্থনৈতিক সূচক নিরূপণ এবং নীতিনির্ধারণ সহজতর হয়। ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি-বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’—এই লক্ষ্যকে সামনে রেখে বিবিএস ২০২৪ সালে আধুনিক CAPI (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (GIS) ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে। উল্লেখ্য, দেশে প্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে, দ্বিতীয়টি ২০০১ ও ২০০৩ সালে (দুই পর্যায়ে) এবং তৃতীয়টি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল।

সর্বশেষ এই শুমারিতে সারাদেশে ৮৭,৪১৯টি গণনা এলাকা (EA) গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে ৮৭,৪১৯ জন গণনাকারী, ১৬,৯৩৪ জন সুপারভাইজার, ২,৫৭৭ জন জোনাল অফিসার, ২,৫৭৭ জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ দায়িত্ব পালন করেন।জাতীয় ও কক্সবাজার জেলার উল্লেখযোগ্য পরিসংখ্যান: শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। অর্থাৎ, এই সময়ে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, কক্সবাজার জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪,২১৩টি—যার মধ্যে স্থায়ী ৯০,৬৭৪টি, অস্থায়ী ৭,৩৯২টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৮৬,১৪৭টি। ২০১৩ সালের শুমারিতে কক্সবাজারে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৯৫,৬১৪টি। অর্থাৎ, বিগত এক দশকে কক্সবাজারে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৯২.৬৬ শতাংশ।

অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী দেশে নিয়োজিত মোট জনবল ৩,০৬,৩২,৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২,৪৫,০০,৮৫০ জন (জনবল বৃদ্ধির হার ২৫.০৩%)। মোট জনবলের মধ্যে পুরুষ ৮৩.২৮% (২,৫৫,১১,৬৫২ জন), মহিলা ১৬.৭১% (৫১,১৯,২৭১ জন) এবং হিজড়া ০.০১% (১,৭৩৮ জন)। কক্সবাজার জেলার অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ৪,৩৮,৫২৫ জন জনবল নিয়োজিত রয়েছেন—যার মধ্যে ২,৯৮,৪২৩ জন স্থায়ী প্রতিষ্ঠানে, ১১,৪৯১ জন অস্থায়ী প্রতিষ্ঠানে এবং ১,২৮,৬১১ জন অর্থনৈতিক খানার অন্তর্ভুক্ত। কক্সবাজারে কর্মরতদের মধ্যে ৩,৭৯,৩৬৭ জন পুরুষ (৮৬.৫২%) এবং ৫৯,১২১ জন নারী (১৩.৪৮%) কর্মী রয়েছেন।

খাতভিত্তিক চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা: প্রতিবেদনে দেখা যায়, দেশের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের সিংহভাগই এখন সেবা খাতের দখলে। মোট ইউনিটের ৯০.০২ শতাংশ সেবা খাতের অন্তর্গত, যেখানে শিল্প খাতের অবদান ৯.৯৮ শতাংশ। এর মধ্যে ‘পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত’ খাত সর্বোচ্চ ৪১.৮২ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে।

কর্মশালার সমাপনী বক্তব্যে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণের মাধ্যমে ব্যবসার গতি-প্রকৃতি পর্যবেক্ষণ এবং এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যকার ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ (Parent-Child Relationship) চিহ্নিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (SBR) জরিপ সফল করতে ব্যবসায়িক ফোরাম ও সংশ্লিষ্ট সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ

1

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

2

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

3

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

4

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

5

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

6

টেকনাফে অপহরণ-মাদক-হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তা

7

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

8

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

9

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

10

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ

11

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

12

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

13

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

14

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

15

সমিতিপাড়ায় সেলুনকর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ

16

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

17

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

18

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস পুকুরে, মাদ্রাসার শিক্ষিকাসহ নিহত

19

পরীমনিকে লিগ্যাল নোটিশ, যেসব কাজে বিরত থাকার আহ্বান

20