. .
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তসংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বড় চালান দেখতে পান বিজিবির সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবির হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
বিজিবি জানায়, অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি সেখানে পাওয়া যায়নি। পাচারকারীরা আগেই চালানটি ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদকগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে বিভিন্ন সময় ইয়াবাসহ অবৈধ পণ্য বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে পাচারকারীরা। সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় সীমান্তে মাদক পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন