পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিল ওই এলাকার লবণচাষি মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আদিল। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
নিহতের স্বজন মোহাম্মদ রুবেল বলেন, পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।