. .
কক্সবাজারের রামু উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে সীমান্তসংলগ্ন ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ শফিকুল হাসান (১৯) নামের ওই যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। বিজিবির ভাষ্য, অভিযানের সময় মো. রুবেল মিয়া (৩০) নামের আরও একজন পালিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, মঙ্গলবার দুপুর একটার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ফাক্রিকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় শফিকুল হাসানকে আটক করা হয়। তিনি রামুর গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে ২০ হাজার ২০টি বার্মিজ ইয়াবা এবং একটি Redmi Note 13 মুঠোফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারিও রাখা হয়েছে।
আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন