ছাত্রীকে হোয়াটসঅ্যাপে একের পর এক আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়ার পাশাপাশি নিজের পছন্দমতো পোশাক পরতে বলেন। এমনকি ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ বলেও বার্তা পাঠান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা। ছাত্রীকে বিভিন্ন অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। স্কুলের কম্পিউটার ল্যাবে পর্দা দিয়ে আলাদা করা একটি ‘গোপন কক্ষে’ ছাত্রীদের নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ওই ছাত্রী।
এনডিটিভির হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা গেছে, শিক্ষক লিখেছেন, ‘বিকেল ৫টায় কি তুমি ফ্রি আছ? চলো বাইরে ঘুরতে যাই। রাত ৮টার মধ্যে আবার তুমি ফ্রি হয়ে যাবে।’
জেলা কালেক্টর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছে দেয়া লিখিত অভিযোগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী জানান, গত ১৪ নভেম্বর শিশু দিবসে শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা তার সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু করেন।
এরপর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাকে একের পর এক আপত্তিকর বার্তা পাঠান বলে অভিযোগ করেন ওই ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে নিজের পছন্দমতো পোশাক পরতেও বলেছিলেন। একটি বার্তায় তিনি লেখেন, ‘তুমি অন্যদের থেকে আলাদা।’
আরেকটি বার্তায় শিক্ষক লেখেন, ‘আমার খেয়াল রাখতে হবে তোমাকে।’ এছাড়া ওই ছাত্রীকে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ বলেও বার্তা পাঠান ওই শিক্ষক। পাশাপাশি তার কোনো কাজে সাহায্য করতে পারবেন কি না, সেটিও জানাতে বলেন।
ওই ছাত্রীর আরও অভিযোগ, স্কুলের কম্পিউটার ল্যাবে শিক্ষকের একটি ‘গোপন কক্ষ’ রয়েছে। পর্দা দিয়ে ল্যাবের একটি অংশ আলাদা করে সেখানে জায়গাটি তৈরি করা হয়েছিল। ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষক তাদের ওই জায়গায় নিয়ে যেতেন বলে অভিযোগ করেন তিনি।
শুধু ওই ছাত্রীই নন, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও শিক্ষক একই ধরনের কথাবার্তা বলেছিলেন বলেও জানা গেছে।