. .
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ ক্যাটাগরিতে দেড় লাখ টাকার অনুদান পেয়েছে কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এলাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির হাতে অনুদানের চেক তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, কক্সবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর উপজেলায় বিশেষ ক্যাটাগরিতে দুটি এবং সাধারণ ক্যাটাগরিতে ছয়টিসহ মোট আটটি সংগঠনকে অনুদানের চেক দেওয়া হয়।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সায়মুন সংসদ দীর্ঘদিন ধরে সমাজকল্যাণ, যুব উন্নয়ন, ক্রীড়া ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সংগঠনটির নিবন্ধিত একাধিক শাখা ও পরিষদ রয়েছে। ২০২৪ সালে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয় সংগঠনটিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়।

সংগঠনটির বর্তমান সভাপতি নুরুল আবছার সিকদার ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনি কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। এ ছাড়া তিনি বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি।
সংগঠনটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদ ছফা, আলাউদ্দিন রবিন, সোলায়মান বাদশা, মাওলানা ফারহান উল্লাহ, আহমদ কবির, মঈনুদ্দিন ও আমিনুর রশিদসহ অন্যরা।
সায়মুন সংসদের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অনুদান সংগঠনটির সামাজিক, স্বেচ্ছাসেবামূলক ও যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
মন্তব্য করুন